যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যশোর–৬ কেশবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মোক্তার আলী বলেন, উপজেলার প্রতিটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই জনগণের সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আপনাদের দপ্তরের সকল সেবা যেন দুর্নীতির ঊর্ধ্বে থেকে, যথাযথভাবে এবং দ্রুততার সঙ্গে ভুক্তভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে। সাধারণ মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে প্রশাসনকে আরও মানবিক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে উপজেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক ক্রীড়া সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি মো. সাইদুর রহমান সাইদ, এনসিপি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. সম্রাট এবং জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার আমীর প্রভাষক জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুন বলেন, উপজেলা প্রশাসন জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। তিনি বলেন, সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করে স্বচ্ছ, দ্রুত ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করতে প্রশাসন আরও সক্রিয়ভাবে কাজ করবে। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের চিকিৎসা ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত হন এবং রোগীদের খাবারের মান ও সরবরাহ ব্যবস্থাও তদারকি করেন। চিকিৎসাসেবা কার্যক্রম আরও মানসম্মত ও জনবান্ধব করতে সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।
আপনার মতামত লিখুন :