পিছিয়ে পড়া নারীদের নগদ অর্থ ও শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করলো ওয়ার্ল্ড ভিশন

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল , সিনিয়র রিপোর্টার, ময়মনসিংহ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০০ পিএম

শিক্ষার্থী ঝরে পড়া রোধে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং পিছিয়ে পড়া নারীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন। ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হয়।

গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নম্রতা হাউই।

অনুষ্ঠানে ২ হাজার ৫ শত জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ এবং ১৪০ জন পিছিয়ে পড়া স্বল্প আয়ের নারীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১৪ লক্ষ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, অনেক এনজিও প্রতিষ্ঠান থাকলেও ওয়ার্ল্ড ভিশনের মতো হতদরিদ্রদের সামাজিক উন্নয়নে সার্বিক সহযোগিতা অন্য কোনো এনজিও করেনি। বাল্যবিবাহ বন্ধে ওয়ার্ল্ড ভিশন সর্বোচ্চ ভূমিকা রেখেছে উল্লেখ করে তিনি ওয়ার্ল্ড ভিশনের সাথে থেকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহান, সুপারভাইজার ইসলামী ফাউন্ডেশন ফরিদ উদ্দিন এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দিলে তারা শিক্ষা জীবনে আরও এগিয়ে যেতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা সম্ভব হবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement

Link copied!