ময়মনসিংহে আয়েত আলী শাহ্ (রঃ) এর বার্ষিক ওরছ মাহফিল

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল , সিনিয়র রিপোর্টার, ময়মনসিংহ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩৬ পিএম

ময়মনসিংহ সদর উপজেলার রাজগঞ্জ বাজার (সাহেব কাচারি) অবস্থিত প্রখ্যাত ওলি পীরে কামেল হযরত আয়েত আলী শাহ্ (রঃ) এর ১০৭তম বার্ষিক ওরছ মোবারক ইদুল ফিতরের পর তৃতীয় দিন থেকে তিন ব্যাপি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মাজার কমিটি। এই আয়োজনকে ঘিরে চলছে নানান প্রস্তুতি।

গত ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ময়েজ উদ্দিন মইজু সভাপতি ও আব্দুল কাইয়ুমকে সাধারণ সম্পাদক পদে স্থানীয় সমর্থনের ভিত্তিতে কমিটি গঠন করা হয়।

তিন দিনব্যাপী ওরছ মাহফিল হাজার হাজার ভক্ত-আশেকানের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করছে মাজার কমিটি।

এলাকাবাসীর জোরালো দাবি, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের আগে দীর্ঘদিন যাবৎ যারা কমিটি পরিচালনা করে আসছিলেন, তারা মাজারের দান বাক্সসহ জনসাধারণের দেওয়া মহৎ দানের অর্থ স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালনা না করায় বিতর্কিত ছিলেন। তবে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে নতুন কমিটি বিতর্কের ঊর্ধ্বে থেকে ওরছ মাহফিলের কার্যক্রম সম্পন্ন করবেন বলে মাজারের ভক্ত-আশেকান ও এলাকাবাসীর প্রত্যাশা।

মাজার কমিটির সহ-কোষাধ্যক্ষ মোঃ মহসিন আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, "পূর্বের কমিটি দীর্ঘদিন পরিচালনা করে ১২ হাজার টাকা ঋণের হিসাব দিয়ে গেছে। দেশের পটপরিবর্তনের পর নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর একটি দৃশ্যমান গেট ও নতুন দানবাক্স ও আনুষঙ্গিক খরচ বাদেও ২ লাখ টাকার উপরে গ্রামীণ ব্যাংকে জমা আছে। ইনশাআল্লাহ বর্তমান কমিটি সবসময় স্বচ্ছ ও জবাবদিহিতার নীতি অবলম্বন করেন।"

এ দিকে বর্তমান মাজার কমিটি বিগত সময়ের ইতিহাস মাথায় রেখে ওরছ মোবারক অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যতা বজায় রেখে আনন্দঘন মুহূর্তে উদযাপন করতে পারে তার সহযোগিতা কামনা করছে সকল ভক্ত, অনুসারী ও এলাকাবাসীর কাছে।

Advertisement

Link copied!