মসিক নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সমতালে আওয়ামী প্রার্থীরা

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল , সিনিয়র রিপোর্টার, ময়মনসিংহ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:২০ পিএম

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। নির্বাচন কমিশন (ইসি) ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই তিন সিটির ভোট সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে বাকি ৯টি সিটি কর্পোরেশন এবং একই সঙ্গে জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনও খুব সন্নিকটে বলে ধারণা করা হচ্ছে।

সিটি কর্পোরেশনে নির্বাচন ঘিরে ময়মনসিংহে মেয়র ও কাউন্সিলর সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানান জল্পনাকল্পনা চলছে। মেয়র পদে দলীয় প্রতীকের বিষয়টি চূড়ান্ত না হওয়ায় ভোটের মাঠে রয়েছে নানা ধরনের হিসাব-নিকাশ। তবে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কেউ কারও চেয়ে পিছিয়ে নেই। মাহে রমজান উপলক্ষে ইফতার আয়োজন, সেহরির খাবার বিতরণ, উঠান বৈঠক ও রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন পেশা-শ্রেণির মানুষের দোরগোড়ায় পৌঁছতে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা।

এদিকে নতুন করে গুঞ্জন উঠেছে মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী সভাপতি মো. ইকরামুল হক টিটুকে নিয়ে। আওয়ামী সরকারের শাসনামলে অর্থ ও দলীয় প্রভাব খাটিয়ে বারবার নির্বাচিত হওয়া টিটু সম্প্রতি তাঁর নিজ এলাকা ৯নং ওয়ার্ডে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। এই গুঞ্জন প্রার্থীতার আলাপ-আলোচনাকে একটি মহলে সরব করে তুলেছে।

সচেতন মহলের মাঝে প্রশ্ন উঠেছে, বিগত সরকারের শাসনামলে ভোটারবিহীন প্রভাবশালী মেয়র কি সিটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন? আওয়ামী লীগের বলিষ্ঠ কর্মীদের অভ্যন্তরীণ আলোচনার সূত্রে ভিন্ন চিত্র উঠে এসেছে – তিনি দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। তবুও প্রশ্ন থেকেই যায়, বিগত সময়ে আওয়ামী সরকারের শাসনামলে পৌর মেয়র থেকে সিটির মেয়র নির্বাচিত হয়ে পাহাড়সম অনিয়ম-দুর্নীতি করে কতটুকু জনগণের আস্থা অর্জন করবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শক্ত প্রতিদ্বন্দ্বিতা থাকলে ভোটার উপস্থিতি বাড়বে এবং নির্বাচন ঘিরে নগরীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হতে পারে। তবে দলীয় প্রতীক ও প্রার্থীতা সংক্রান্ত সিদ্ধান্তই চূড়ান্তভাবে নির্ধারণ করবে ভোটের মাঠের বাস্তব চিত্র।

এদিকে ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীরা ভোটের মাঠে সরগরম। ইতিমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থীর পাশাপাশি আওয়ামী সমর্থিত প্রার্থীর সংখ্যাও কম নয়। নির্বাচনের প্রচার-প্রচারণায় সমতালে ভিন্ন কৌশলে ভোটারদের দ্বারে দ্বারে দৌড়াচ্ছেন আওয়ামী সমর্থিত সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা।

এখন সবার নজর নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার দিকে। তফসিল ঘোষণার পরই স্পষ্ট হবে মসিক নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও বহুমাত্রিক হতে যাচ্ছে।

Link copied!