ময়মনসিংহের মুক্তাগাছায় গভীর রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে স্থানীয় এক বিএনপি নেতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত প্রায় ১২টার দিকে মুক্তাগাছা উপজেলার মানকোন করমোল্লাপুর এলাকায় সাজ্জাদ মিয়ার বাগানবাড়িতে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারিরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শফিকুল ইসলাম শফিক (৪৫), সুরুজ আলী (৪০), রফিকুল ইসলাম (২৭), শাহজাহান (৫০), সফুর উদ্দিন (৩৫) ও হাবিবুর রহমান (৪৫)। তাদের সবার বাড়ি মুক্তাগাছা উপজেলার বিভিন্ন এলাকায়। আটক শফিকুল ইসলাম শফিক মানকোন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৫১ সদস্যবিশিষ্ট কমিটির সদস্য এবং একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে জানা গেছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডিল তাস, একটি প্লাস্টিকের চট এবং নগদ ৮৩০ টাকা জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের পেশাদার জুয়া খেলোয়াড় বলে স্বীকার করেছেন বলেও দাবি পুলিশের।
স্থানীয়রা অভিযোগ করেন, দলীয় পরিচয়ের প্রভাব দেখিয়ে দীর্ঘদিন ধরে শফিকুল ইসলাম শফিক ও তার ছোট ভাই মনিরুল ইসলামের ফিশারির ঘরে জুয়ার আসর বসানো হতো। বিষয়টি নিয়ে এর আগেও স্থানীয় যুবকেরা তাকে সতর্ক করেছিলেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন বলেন, শফিক বিএনপি করেন কিনা এই মুহূর্তে মনে নেই। তবে তিনি যদি কোনো কমিটিতে থেকে থাকেন, তাহলে দলীয়ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের পরিচয় ব্যবহার করে কেউ ছাড় পাবে না।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জুলুস খান জানান, আটক ছয়জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে সোমবার (২৩ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আপনার মতামত লিখুন :