ময়মনসিংহে ২০ টাকার চাঁদা বেড়ে ৭০ টাকা হয়েছে, যা 'জিপি'র নামে আদায় করা হচ্ছে। এতে সিএনজিচালিত অটোরিকশার চালকদের দৈনিক প্রায় ২০০ টাকার মতো চাঁদা দিতে হচ্ছে। এই চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ত্রিশালের অটোরিকশা চালকরা।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার দূরে ইভা ফিলিং স্টেশনের সামনে চালকরা মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা ধরে এই অবরোধের ফলে সড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালকদের সঙ্গে কথা বললে তারা মহাসড়ক থেকে সরে যান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষোভকারী চালকদের অভিযোগ, সড়কে ‘জিপি’র নামে চাঁদা আদায় করা হচ্ছে এবং সম্প্রতি এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই ক্ষোভ থেকেই তারা সড়ক অবরোধ করেন। জনভোগান্তির বিষয়টি বোঝানো হলে তারা অবরোধ তুলে নেন।
একজন বিক্ষোভকারী গণমাধ্যমকে জানান, “আমাদের সংসার আছে। কিন্তু ময়মনসিংহের চাঁদাবাজরা আগে নিত ২০ টাকা, পরে ৩০-৪০, এখন এক ধাপে ৭০ টাকা বানিয়েছে। এটা কি সম্ভব? সেখানে ৭০ টাকা বানিয়েছে, সেটা দেইখা ত্রিশালে আরো বাড়াবে। পৌরসভায় দিতে হয় ২০ টাকা। দৈনিক একটা সিএনজি ড্রাইভারের ২০০ টাকার মত চাঁদা দিতে হয়। আমরা গাড়ি চালিয়ে কয় টাকা পাই? এই চাঁদাবাজি চলবে না।”
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন গণমাধ্যমকে বলেন, “ত্রিশাল এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায়ের কোনো ঘটনা নেই। ময়মনসিংহ শহরে চাঁদা আদায়ের অভিযোগ তুলে চালকেরা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
আপনার মতামত লিখুন :