ময়মনসিংহের গৌরীপুর ও নান্দাইলে দুই এমপিপুত্র প্রতিমন্ত্রী

উবায়দুল্লাহ রুমি , নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪৪ পিএম

ময়মনসিংহ জেলা থেকে প্রথমবারের মতো একসঙ্গে দুইজন সংসদ সদস্য প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় জেলায় বইছে উৎসবের আমেজ। গৌরীপুর ও নান্দাইলজুড়ে আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে নতুন প্রত্যাশা ও আশাবাদ।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী নবগঠিত মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে তারা শপথ নেন।

ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে তথ্যপ্রযুক্তি বিশারদ ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দু’জনই রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান।

ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের পিতা প্রয়াত ঈসমাইল হোসেন তালুকদার ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে মুসলিম লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অপরদিকে ইয়াসের খান চৌধুরীর পিতা মো. আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালের নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে সংসদ সদস্য ছিলেন। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় নতুন প্রজন্মের এই দুই নেতা এখন জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত।

গৌরীপুরে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন একজন সজ্জন, কর্মীবান্ধব ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত। তার প্রতিমন্ত্রী হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন, মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিলের মধ্য দিয়ে সমর্থকরা তাদের অনুভূতি প্রকাশ করেন। একইভাবে নান্দাইলেও ইয়াসের খান চৌধুরীর প্রতিমন্ত্রী হওয়ায় দলীয় কার্যালয় ও বিভিন্ন এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন প্রতিমন্ত্রী হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। দীর্ঘদিনের অবহেলিত গৌরীপুরবাসীর জন্য এটি গর্বের বিষয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই এমন মূল্যায়নের জন্য। আমরা আশাবাদী, গৌরীপুরের উন্নয়নে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির বলেন, ইয়াসের খান চৌধুরীকে দল যথাযথ মূল্যায়ন করেছে। তার প্রতিমন্ত্রী হওয়ায় আমরা বিশ্বাস করি নান্দাইলসহ সারা দেশের উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে।

জেলার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একসঙ্গে দুইজন প্রতিমন্ত্রী পাওয়ায় ময়মনসিংহ জেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, দুর্যোগ মোকাবিলা এবং তথ্যপ্রযুক্তি খাতে অগ্রগতির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করছেন সচেতন মহল।

সব মিলিয়ে, দুই এমপিপুত্রের প্রতিমন্ত্রী হওয়া শুধু গৌরীপুর ও নান্দাইলের জন্য নয়। সমগ্র ময়মনসিংহ জেলার জন্য এক গর্বের অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা। দায়িত্ব ও আস্থার প্রতিদান দিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবেন এই দুই তরুণ প্রতিমন্ত্রী এমনটাই আশা জনসাধারণের।

Advertisement

Link copied!