মাইন উদ্দিন উজ্জল, ময়মনসিংহ: ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের (২৬) মরদেহ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ছয় কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৮ ফেব্রুয়ারি নুরুল্লাহ শাওন তার রুমমেট মঞ্জুরুল আহসান রিয়াদকে (২৩) সাথে নিয়ে ব্রহ্মপুত্র নদে ঘুরতে যান। সেখানে তারা একদল কিশোর গ্যাংয়ের কবলে পড়েন। রিয়াদ কৌশলে পালাতে সক্ষম হলেও শাওন নিখোঁজ হন। খবর পেয়ে ময়মনসিংহ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় নদ থেকে শাওনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের মা নাহিদা আক্তার বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা (নং-৩৮) দায়ের করেন।
ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানার একটি চৌকস দল অভিযানে নামে। গত ২১ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার সাতপাই এলাকা থেকে দেবরাজ বিন (১৪) এবং ঈশ্বরগঞ্জের ভারতী এলাকা থেকে হৃদয় বিনকে (১৫) গ্রেফতার করা হয়। পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজ, বিশাল (দুইজন) ও বিপুলসহ আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো—রাজ বিন (১৩), বিশাল বিন (১৪), বিশাল বিন (১৫), দেবরাজ বিন (১৪), হৃদয় বিন (১৫) ও বিপুল বিন (১৬)। তারা সবাই ময়মনসিংহের কোতোয়ালী থানার চর জেলখানা (বিনপাড়া) এলাকার বাসিন্দা।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলার পলাতক অপর আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :