পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। বাজারে যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী, ঠিক সেই সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় স্বল্পমূল্যে গরুর গোস্ত বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি গরুর গোস্ত ৬৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে, যেখানে বর্তমান বাজার মূল্য প্রায় ৭৫০ টাকা।
এই উদ্যোগের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা। কর্মসূচির প্রধান উদ্যোক্তা ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই স্বল্পমূল্যের হাটের উদ্বোধন করা হয় আনুষ্ঠানিকভাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহয়বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হিরা, একেএম হারুন অর রশিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্যোক্তারা জানান, শুধু গরুর গোস্তই নয়, রমজান মাসজুড়ে লেবু, শসা, ডিম, দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যও সুলভ মূল্যে বিক্রির পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে রোজাদারদের ইফতার ও সেহরির প্রয়োজনীয় সামগ্রী সহজলভ্য ও ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে।
সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য মাংস কেনা কষ্টসাধ্য হয়ে পড়ে। মানুষের সেই কষ্ট লাঘবের কথা বিবেচনা করেই আমরা স্বল্পমূল্যে গরুর গোস্ত বিক্রির উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
হাটে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে নির্ধারিত মূল্যে গরুর গোস্ত সংগ্রহ করেন। অনেকেই এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। স্থানীয় বাসিন্দাদের মতে, এমন মানবিক উদ্যোগ রমজানের সময়ে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
আয়োজকরা আরও জানান, পবিত্র রমজানের পুরো সময়জুড়ে উপজেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে, যাতে অধিকসংখ্যক মানুষ এ সুবিধা পেতে পারেন।
আপনার মতামত লিখুন :