ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেঙে পাবলিক টয়লেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় "বিপ্লবী মঞ্চ" কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আয়াশ। ২৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় দলীয় কার্যালয়টি ভাঙচুর করার সময় তিনি এ মন্তব্য করেন।
আয়াশ বলেন, "আমাদের ভাইয়ের রক্তে রাঙানো এ নতুন বাংলাদেশ পেয়েছি, এদেশে ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না। ২১শে ফেব্রুয়ারির দিনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী দোসররা পুনরায় তাদের কার্যক্রম চালু করার জন্য জাতীয় পতাকা উত্তোলন করে।"
তিনি আরও বলেন, "নির্বাচন পরবর্তী সময়ে সারা বাংলাদেশে ফ্যাসিবাদী দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তারা কাদের ইন্ধনে আবার কার্যক্রম চালু করার চেষ্টা করছে? আমরা ছাত্র-জনতা সর্বদাই সজাগ আছি। এ বাংলার মাটিতে যতদিন ফ্যাসিবাদের বিচার না হবে ততদিন তাদের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না।"
আয়াশ অভিযোগ করে বলেন, "সাগর হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন এদের এখনো গ্রেপ্তার করছে না।" এসময় তিনি সাগর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আয়াশ ৪ জন রাজমিস্ত্রির শ্রমিক নিয়ে এসে প্রায় ঘণ্টাদুয়েক সময় ধরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি ভাঙচুর করে চলে যান।
আপনার মতামত লিখুন :