নিমসার কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে ১১ জন গ্রেপ্তার

মোঃ আরিফুল ইসলাম ফারহান , কুমিল্লা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪৭ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজারে মহাসড়কের উপর প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ। গতকাল রাতে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে টাকা আদায়ের ভুয়া রশিদ বই ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিমসার কাঁচাবাজারে দূর-দূরান্ত থেকে আসা কাঁচামালবাহী ট্রাক ও বিভিন্ন যানবাহন থেকে ‘টোল’ আদায়ের নামে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছিল। উদ্ধার হওয়া রশিদ বই ঘেঁটে দেখা যায়—ট্রাকপ্রতি ১,৭০০ টাকা, লেগুনা থেকে ১,৫০০ টাকা, ছোট গাড়ি থেকে ১,০০০ টাকা এবং অটোরিকশা ও কাঁচামালবাহী ছোট যান থেকে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হতো। এভাবে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে ১,৭০০ থেকে ১,৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বাজারটিতে প্রভাবশালী একটি চক্র চাঁদাবাজি করে আসছিল। অতীতেও বাজারের নামে কোটি টাকার অবৈধ আদায়ের অভিযোগ ওঠে। বর্তমানে হুমায়ন ও কবিরের নেতৃত্বে একটি চক্র এই চাঁদাবাজি পরিচালনা করছিল বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, “কুমিল্লায় কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি।” বুড়িচং সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।” বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, “নিমসার বাজারে ওপেন চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Link copied!