বান্দরবানে সওজের সরকারি জমি দখল ও বিক্রির অভিযোগ

মো: হাসান , বান্দরবান জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১৯ পিএম

সুয়ালক উচ্চ বিদ্যালয়ের স্কুলযাত্রী ছাউনির পাশের সড়ক ও জনপদ (সওজ) বিভাগের সরকারি জায়গায় স্টিল কাঠামো দিয়ে নির্মাণাধীন দোকান। ছবি- প্রতিদিনের কাগজ

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের সরকারি জমি দখল করে দোকান নির্মাণ ও বিক্রির অভিযোগে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সুয়ালক উচ্চ বিদ্যালয়ের স্কুলযাত্রী ছাউনির পাশের সওজের নির্ধারিত জায়গায়।

সরেজমিনে দেখা যায়, সরকারি জমির ওপর স্টিলের কাঠামো দিয়ে বড় আকারের একটি দোকান নির্মাণকাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, সুয়ালক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সবুর মেম্বারের বোন ইয়াছমিন আক্তার দীর্ঘদিন ধরে জায়গাটি দখলে রেখে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করে আসছিলেন।

অভিযোগ রয়েছে, দখলে থাকা সরকারি জমির ২০ ফুট বাই ২৫ ফুট অংশ তিনি একই এলাকার মাওলানা ইউসুফ হেলালীর কাছে নোটারি পাবলিকের মাধ্যমে ২ লাখ ১৫ হাজার টাকায় বিক্রি করেন। বর্তমানে সেখানে দোকান নির্মাণকাজ শুরু হয়েছে।

স্থানীয়দের আরও দাবি, ইয়াছমিন আক্তার শুধু একটি অংশ নয়, আশপাশের আরও কয়েকটি সরকারি জমিও একইভাবে বিক্রি করেছেন। এতে সড়ক বিভাগের গুরুত্বপূর্ণ জায়গা ধীরে ধীরে ব্যক্তিমালিকানায় চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, “সরকারি সড়ক বিভাগের জমি কেউ ব্যক্তিগতভাবে বিক্রি করতে পারে—এটা কিভাবে সম্ভব? দীর্ঘদিন ধরে প্রকাশ্যে জমি দখল ও বিক্রি হলেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

তাদের মতে, প্রভাবশালী পরিচয় ও রাজনৈতিক ছত্রছায়া ছাড়া এ ধরনের কর্মকাণ্ড প্রকাশ্যে চালানো সম্ভব নয়। এতে ভবিষ্যতে সড়কের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে মাওলানা ইউসুফ হেলালী মুঠোফোনে বলেন, তিনি ভোগদখল সূত্রে ইয়াছমিন আক্তারের কাছ থেকে নোটারি পাবলিকের মাধ্যমে ২০ ফুট বাই ২৫ ফুট জায়গা ২ লাখ ১৫ হাজার টাকায় ক্রয় করেছেন এবং সেখানে দোকান নির্মাণের কাজ শুরু করেছেন।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ, বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Advertisement

Link copied!