ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে চর শ্রীরামপুরে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ নিধনের অভিযোগ উঠেছে।
সোমবার সন্ধ্যায় ইফতারের মুহূর্তে মো. হাসান আলীর ফিশারিতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে একই এলাকার ইউসুফ মুন্সীর বিরুদ্ধে। এর আগেও একটি ফসলি জমিতে বিষ প্রয়োগের অভিযোগ রয়েছে বলে জনমুখে মুন্সীর নাম আলোচিত।
এতে অন্তত ১২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে গণমাধ্যম কর্মীদের জানান ভুক্তভোগী মাছ চাষী হাসান আলী। ময়মনসিংহে প্রায়শই বিষ প্রয়োগের মাধ্যমে মাছ নিধনের ঘটনা ঘটে। প্রশ্ন ওঠে, এই বিষ দুর্বৃত্তরা কোন ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করছে, যার এক বোতল বা একটি ট্যাবলেটের প্রয়োগে মাছ চাষীরা সহায় সম্বলহীন হয়ে পড়েন।
ভুক্তভোগী হাসান আলী ও স্থানীয়রা জানান, ইউসুফ মুন্সী প্রকাশ্যে বিষ প্রয়োগে মাছ নিধনের বিষয়ে হুমকি দিয়ে আসছিলেন, আজ তা বাস্তবায়ন করেছেন বলে অভিযোগ এনে তার বিচার দাবি করছেন তারা।
অভিযুক্ত ইউসুফ মুন্সীর বক্তব্য জানতে তার বাড়িতে গেলে তিনি গণমাধ্যম কর্মীদের সামনে বক্তব্য দেবেন না বলে লোকমুখে জানিয়েছেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, ঘটনার সম্পর্কে অবগত আছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :