কৃষি ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা

আসাদুজ্জামান তালুকদার , নেত্রকোণা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

বারহাট্টার ডেমুরা গ্রামের মৃত আঃ রশিদ তালুকদারের ছেলে কামাল তালুকদার কৃষি ব্যাংক বারহাট্টা উপজেলা শাখার ফিল্ড অফিসার মোঃ জালাল মিয়া ও শাখা ব্যবস্থাপক আল বাড়ী উল মোসাদ্দেরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বারহাট্টার আমলী আদালতে মামলা (সি.আর. নং- ৪৯ (১) ২০২৬) দায়ের করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, কামাল তালুকদারের গরুর খামার ও ফিসারির নামে কৃষি ব্যাংকের বারহাট্টা উপজেলা শাখায় সিসি লোন রয়েছে। এই লোন ৫০ লক্ষ টাকায় বাড়ানোর শর্তে ব্যাংক কর্মকর্তারা ৩ লক্ষ টাকা ঘুষ নেন বলে অভিযোগ।

ভুক্তভোগী কামাল তালুকদার জানান, তার খামারের দুটি গরু বিক্রি করে তিনি ব্যাংক কর্মকর্তাদের ৩ লক্ষ টাকা ঘুষ দেন। টাকা দেওয়ার পরও লোন না দেওয়ায় এবং দেওয়া টাকা ফেরত চাইলে তারা তা দিতে অস্বীকার করেন। তাই তিনি মামলা করেছেন। কামাল তালুকদারের অভিযোগ, কেবল তিনিই নন, অধিকাংশ গ্রাহকই এই ব্যাংক কর্মকর্তাদের প্রতারণার শিকার।

অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গেলে সাহতা ইউনিয়নের আব্দুল জলিল নামে এক গ্রাহকের সঙ্গে তাদের বাকবিতণ্ডায় লিপ্ত থাকতে দেখা যায়। আব্দুল জলিল অভিযোগ করেন, ১০ টাকা সুদ হলে তারা ২০ টাকা লিখে চিঠি পাঠান এবং কোনো নিয়মশৃঙ্খলা মানেন না। তিনি আরও বলেন, "এই ম্যানেজার আর জালাল মিলে আমাদের হয়রানির মধ্যে রেখেছে।"

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তারা জানিয়েছেন, গ্রাহকরা চিঠি পাওয়া মাত্রই টাকা পরিশোধ করেন না, তাই তারা চিঠিতে একটু বেশি পরিমাণ উল্লেখ করেন। পাশাপাশি, তারা কামাল তালুকদারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

কৃষি ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানে গ্রাহকদের সঙ্গে এমন প্রতারণা ও দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করেছেন।

Link copied!