মোবারক হোসাইন, ফুলবাড়ীয়া: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন। রবিবার দুপুরে হাসপাতালের বিভিন্ন কক্ষ ঘুরে দেখে রোগীদের সাথে কথা বলেন তিনি। এসময় রোগীদের ফল উপহার প্রদান করা হয়।
এর আগে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন জাতীয় সংসদ সদস্য। কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এছাড়াও তাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, হাসপাতালের রাস্তার ব্যাপারে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করার পাশাপাশি বিভিন্ন চাহিদা বাস্তবায়ন করার ব্যাপারে জোর প্রচেষ্টা পরিচালনা করা হবে। এসময় তিনি ডাক্তারদের কাজের প্রশংসা করে চিকিৎসার মানোন্নয়নে যার যার অবস্থান থেকে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, হাসপাতালে সকলের জন্য সমানভাবে সেবা নিশ্চিত করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানুল হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম ও জামায়াত নেতা আব্দুল মজিদ সহ সহকারী অধ্যাপক এবং মেডিক্যাল অফিসারবৃন্দ।
আপনার মতামত লিখুন :