গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। শনিবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে তিনি কারাগার থেকে বের হন বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, গত শুক্রবার রাত ১২টার দিকে আনিস আলমগীরের দুটি মামলার জামিন সংক্রান্ত নথিপত্র কারাগারে পৌঁছায়। নথিপত্র যাচাই-বাছাই শেষে শনিবার দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়।
এর আগে, সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মামলায় হাইকোর্ট থেকে নিয়মিত জামিন পান আনিস আলমগীর। গত বছরের ১৫ ডিসেম্বর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।
অন্যদিকে, চলতি বছরের ১৫ জানুয়ারি ৩ কোটি ২৬ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দুটি মামলাতেই উচ্চ আদালত থেকে জামিন মেলায় আজ তিনি কারামুক্ত হলেন।
আনিস আলমগীর একসময়ের বহুল আলোচিত ‘আজকের কাগজ’ পত্রিকার সিনিয়র সাংবাদিক ছিলেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টক-শোতে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিষয়ে সাহসী বক্তব্যের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত ও আলোচিত।
আপনার মতামত লিখুন :