ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ডের ফায়দাবাদ মধ্যপাড়া এলাকায় গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং ৪৭ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মো. রিপন বেপারীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৪০০ জন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তিনি আয়োজক রিপন বেপারীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক জনাব হেলাল তালুকদার। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক মো. রিপন বেপারী বলেন, এলাকার অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই ছোট্ট উদ্যোগ। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ অসহায় মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন এবং সবার কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :