রাজধানীর উত্তরা-১৩ নম্বর সেক্টরে শপিংমলে রিকশাচালককে মারধর করে হত্যা করার ঘটনাটি গুজব এবং এ ঘটনায় কিছু দুষ্কৃতিকারী মব সৃষ্টি করে লুটপাটের চেষ্টা করে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) সকালে মার্কেটটি পরিদর্শন শেষে এসব তিনি এ কথা জানান।
নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে পুলিশের ছয়জন আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আলামত সংগ্রহ করছে পুলিশ।
এদিকে এখনও মার্কেটটি বন্ধ রয়েছে।
এ বিষয়ে মার্কেটের ব্যবসায়ীরা জানান, এই হামলায় তাদের কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে, এখনও আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে।
এর আগে, রোববার দিবাগত রাতে উত্তরার স্কয়ার শপিংমলে এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগ তুলে ভবন ঘেরাও ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষোভের রেশ ধরে একপর্যায়ে চালকরা উত্তরা পশ্চিম থানায় গিয়েও হামলা চালায় এবং ভবনের সামনে রাখা যানবাহনে অগ্নিসংযোগ করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আপনার মতামত লিখুন :