বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ‘বিএনসিসি ডে’ প্রথমবারের মতো সরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রের মাধ্যমে দিবসটি জাতীয় পর্যায়ে উদযাপনের স্বীকৃতি পায়, যা বিএনসিসির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
২৩ মার্চ ২০২৬ তারিখে 'বিএনসিসি ডে’ উপলক্ষে ভোরে ফজরের নামাজের পর বিএনসিসির সার্বিক অগ্রগতি, সাফল্য ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর মহাপরিচালকের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সারা দেশের বিভিন্ন ইউনিটে একই সঙ্গে এই কর্মসূচি পালিত হয়।
বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ-এর নেতৃত্বে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশ নেন বিএনসিসির সকল পর্যায়ের অফিসার, সামরিক প্রশিক্ষক ও বিপুল সংখ্যক ক্যাডেট। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল কুচকাওয়াজ, শপথ গ্রহণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্যাডেটদের দক্ষতা প্রদর্শনী।
দিবসটি উপলক্ষে পৃথক বাণী প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সামরিক উপদেষ্টা, প্রতিরক্ষা সচিব এবং বিএনসিসির মহাপরিচালক। তাদের বাণীতে তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, দেশপ্রেম ও নেতৃত্বগুণে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বিএনসিসির ভূমিকার প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ২৩ মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সুদূরপ্রসারী চিন্তাভাবনার অংশ হিসেবে বিএনসিসি প্রতিষ্ঠিত হয়। তাঁর প্রবর্তিত “টোটাল পিপলস ওয়ার” ধারণার আলোকে দেশের তরুণ প্রজন্মকে জাতীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং সামগ্রিক উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে এই বাহিনীর যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনসিসি দেশের ছাত্র-যুব সমাজকে সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক সচেতনতা কার্যক্রম এবং জাতীয় জরুরি পরিস্থিতিতে বিএনসিসি ক্যাডেটদের সক্রিয় অংশগ্রহণ প্রশংসিত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, তরুণদের মাঝে নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করতে বিএনসিসি একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ‘বিএনসিসি ডে’ সরকারি স্বীকৃতি পাওয়ায় এই বাহিনীর কার্যক্রম আরও গতিশীল হবে এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে এর অবদান আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :