কালিহাতীতে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

মনির হোসেন , কালিহাতী(টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬, ০৫:৫৫ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে কালিহাতী থানার ওসি তৌফিক আজম জানিয়েছেন।

নিহত নাঈম ইসলাম (১৭) ওই গ্রামের ওসমান আলীর ছেলে ও হাতিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

আহতরা হলেন- সওদাগর বংশের মাজাহারুল ইসলাম (১৮), সাকিল (২৩) ও বক্কর (২০) এবং সিকদার বংশের আজিজুল সিকদার (৭৫) ও হাবিবুর রহমান (৪৫)। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মর্জিনা বেগম বলেন, রামদেবপুর কবরস্থানের জমি নিয়ে প্রায় আড়াই মাস ধরে সওদাগর গ্রুপের সঙ্গে মণ্ডল ও সিকদার গ্রুপের বিরোধ চলছে। এর আগেও তাদের মধ্যে একাধিকবার ঝগড়া ও হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি চেয়ারম্যানের উপস্থিতিতে সমাধানেরও চেষ্টা হয়েছে।

এর জেরে মঙ্গলবার রাতে আবার তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। বুধবার সকালেও একাধিকবার সংঘর্ষ হয়। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে নাঈমসহ অন্তত ছয় জন আহত হন।

তিনি বলেন, নাঈমসহ আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। সে সওদাগর গ্রুপের ছিল।

এছাড়াও সংঘর্ষের সময় দুটি বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কালিহাতী থানার ওসি তৌফিক আজম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

নিহতের লাশ মর্গে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Link copied!