রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ অফিস থেকে শাহজাহানপুর ইউপি অফিস সড়কের নরেন্দ্রপুর কাঁচার বিলের খালের ওপর নির্মাণাধীন সেতু দ্রুত সচল করতে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় প্রতিমন্ত্রী সেতুটি পরিদর্শন করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সংযোগ অ্যাপ্রোচ রোডের কাজ সম্পন্ন করে সেতুটি যানবাহন ও জনসাধারণের চলাচলের উপযোগী করার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সড়ক এবং ৭ কোটি টাকা ব্যয়ে সেতুর মূল অবকাঠামো নির্মাণ শেষ হলেও শুধুমাত্র অ্যাপ্রোচ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে সেতুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নজরে আসার পর মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-সহ সংশ্লিষ্টদের নির্দেশে দ্রুত ব্যবস্থা নিতে তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
তিনি আরও বলেন, মন্ত্রণালয় থেকে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে জনগণের ভোগান্তি দূর করা সম্ভব হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এবং এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০২৩ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। তবে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় দীর্ঘদিন ধরে এটি ব্যবহার অনুপযোগী অবস্থায় ছিল, ফলে স্থানীয় জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছিল।
আপনার মতামত লিখুন :