নেত্রকোণায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

আসাদুজ্জামান তালুকদার , নেত্রকোণা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০৩:৩৬ পিএম

নেত্রকোণায় মহান স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা হয় সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। এরপর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোণা ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক, জেলা পরিষদ প্রশাসক নূরুজ্জামান নুরু, জেলা প্রশাসক খন্দকার মশফিকুর রহমান এবং পুলিশ সুপার তরিকুল ইসলাম।

সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন ছিল নেত্রকোণা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে। জেলা প্রশাসনের আয়োজনে পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষীসহ বিভিন্ন বাহিনীর পাশাপাশি স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী, শিশু-কিশোর সংগঠন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে স্টেডিয়াম প্রাঙ্গণ এক গর্বিত মিলনমেলায় পরিণত হয়। শৃঙ্খলাবদ্ধ মার্চপাস্ট, দৃষ্টিনন্দন শরীরচর্চা ও ডিসপ্লে আর দেশাত্মবোধক আবহ—সব মিলিয়ে পুরো আয়োজন নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করার এক অনন্য দৃশ্যপট তৈরি করে।

Advertisement

Link copied!