ময়মনসিংহে বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ময়মনসিংহ অফিস , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০৯:৪২ পিএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে ময়মনসিংহে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কুচকাওয়াজে একে একে সালাম প্রদর্শন ও আকর্ষণীয় শারীরিক কসরত প্রদর্শন করে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, কারারক্ষী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

এছাড়াও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ জিলা স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি দল; গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট স্কুলের স্কাউট দল; আফরোজ খান মডেল স্কুলের গার্লস গাইড এবং ইউনিক প্রগ্রেসিভ স্কুল, মুসলিম হাই স্কুল ও প্রগ্রেসিভ মডেল স্কুলের প্রতিনিধি দল কুচকাওয়াজে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী (এনডিসি) ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদ ও সম্ভ্রম হারানো মা-বোনদের পাশাপাশি জুলাই-২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, “স্বাধীনতা আমাদের গর্ব ও অহংকার। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের ফসল এই লাল-সবুজের পতাকা। স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। আমাদের সকলকে সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সততা ও দেশপ্রেমের সাথে একটি সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।”

কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ এই বর্ণিল আয়োজন উপভোগ করেন।

Link copied!