যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনের মূল আয়োজন শুরু হয়। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং পরে অংশগ্রহণকারী বাহিনীগুলোর কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজে অংশগ্রহণ করে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, বিএনসিসি এবং রোভার স্কাউট সদস্যরা। অংশগ্রহণকারী দলগুলো শৃঙ্খলা, সমন্বয় ও দক্ষতার প্রদর্শন করে উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। পরে আয়োজিত পুরস্কার বিতরণী পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী দল ও সদস্যদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। দায়িত্ব পালনে নিষ্ঠা, শৃঙ্খলা এবং পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্বাধীনতার মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুরো আয়োজন ঘিরে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত থেকে কুচকাওয়াজ উপভোগ করেন এবং স্বাধীনতার আনন্দ ভাগাভাগি করেন।
আপনার মতামত লিখুন :