ধামরাইয়ে ঝড়ে ওয়ালটন শোরুমসহ একাধিক দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি

আলাল হোসেন (সজিব) , ধামরাই (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ০৭:৩০ পিএম

ঢাকার ধামরাই উপজেলার কুশুরা বাজারে গত ১ এপ্রিল (বুধবার) রাতে প্রচণ্ড ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে বাজারে অবস্থিত ওয়ালটন এক্সক্লুসিভ শোরুমসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে "মেসার্স মায়ের দোয়া ইলেকট্রনিকস" এবং "ফাতেমা ফার্নিচার"। ঝড়ের তীব্রতায় টিনের চাল উড়ে গিয়ে শোরুমের ভেতরে থাকা মূল্যবান পণ্যের ক্ষয়ক্ষতি হয়।

শোরুমের মালিক আলমগীর হোসেন জানান, "মাত্র ১০ সেকেন্ডের ঝড় আমার সাজানো জীবনটাকে উল্টোপাল্টা করে দিয়েছে। আমার শোরুমে প্রায় ২ কোটি টাকার পণ্য ছিল, যার বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে।"

স্থানীয়রা জানান, ঝড়টি ছিল অত্যন্ত আকস্মিক এবং শক্তিশালী। এতে বাজারের বেশ কয়েকটি দোকানের টিনের চাল উড়ে যায় এবং বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন, যাতে তিনি আবার স্বাভাবিকভাবে ব্যবসা শুরু করতে পারেন।

Link copied!