ধামরাইয়ে জ্বালানি সরবরাহ তদারকিতে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার

আলাল হোসেন (সজিব) , ধামরাই (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ০৮:৩০ পিএম

ঢাকার ধামরাই উপজেলায় জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় হয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার মোট ছয়টি ফিলিং স্টেশনে সরকার ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে, যাতে জ্বালানি সরবরাহ ও বিতরণ কার্যক্রম সঠিকভাবে তদারকি করা যায়।

রোববার ধামরাই উপজেলার সবকটি ফিলিং স্টেশন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন। এ সময় তিনি পাম্পগুলোর সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে ইউএনও আল মামুন বলেন, “উপজেলায় বর্তমানে ডিজেলের তেমন কোনো সংকট নেই বললেই চলে। খুব দ্রুত সময়ের মধ্যেই অকটেন ও পেট্রোলের সংকটও কেটে যাবে বলে আমরা আশাবাদী।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম রাফি। তারা ফিলিং স্টেশনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলা প্রশাসনের এ ধরনের তৎপরতায় ধামরাইয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Link copied!