গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট তথা মানবিক শাখার স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সবগুলো কেন্দ্র মিলিয়ে উপস্থিতির হার ছিল ৮২ দশমিক ৪৫ শতাংশ।
ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
ড. মনজুরুল হক জানান, ‘বি’ ইউনিটে সারাদেশে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৯৩ হাজার ১০২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৬ হাজার ৭৬২ জন, যা মোট পরীক্ষার্থীর ৮২ দশমিক ৪৫ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ৩৪০ জন অর্থাৎ মোট পরীক্ষার্থীর ১৭.৫৫ শতাংশ।
এদিকে ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ৯ হাজার ১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৯২৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৮৬ দশমিক ৮২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১ হাজার ২০৪ জন।
আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটে আবেদনকৃত শিক্ষার্থীদের বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, ফলাফলসহ যাবতীয় তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘যেহেতু গত পরীক্ষাটি খুব সুন্দরভাবে হয়েছে, অন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে অভিযোগ আসেনি, সে ক্ষেত্রে আমরা অনুমান করে নিতে পারি, সবকিছু ঠিকঠাকই আছে। বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে নির্দেশনাই দেওয়া আছে।’
এদিকে অন্যান্য কেন্দ্রে মোটাদাগে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলেও ইবি কেন্দ্রে প্রবেশের সময় ট্যাম্পারিং (জাল) অ্যাডমিট কার্ডসহ এক ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ধরা পড়েন। পরে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান চেক করেন এবং পরে মুচলেকা নিয়ে সংশ্লিষ্ট ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে ছেড়ে দেন।
আপনার মতামত লিখুন :