ভর্তি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, চরম ভোগান্তি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ০৮:৩৫ পিএম

‎‎সাজ্জাদুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি: ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অসাধু গাড়িচালকদের জন্য অতিরিক্ত ভাড়া আদায়ের এক অঘোষিত উৎসব যেন গড়ে উঠেছে। সংঘটিত সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে আগত ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, যা চরম ভোগান্তির সৃষ্টি করেছে।

শুক্রবার (২৭ মার্চ) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত "সি" ইউনিটের (বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে।

পরীক্ষা শেষে সরেজমিনে ঢাকা-পাবনা মহাসড়কে গিয়ে দেখা যায়, অসাধু পরিবহনচালকেরা বিভিন্ন কৌশলে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। বিশ্ববিদ্যালয় গেট থেকে টার্মিনাল পর্যন্ত পূর্বের নির্ধারিত ভাড়া ৫ টাকা হলেও বর্তমানে নেওয়া হচ্ছে সর্বনিম্ন ১০ টাকা, অনেক ক্ষেত্রে এর চেয়েও বেশি। একইভাবে বিশ্ববিদ্যালয় গেট থেকে শহরের ভাড়া ১৫ টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন ২৫ টাকা নেওয়া হচ্ছে। আর ডিগ্রি বটতলা পর্যন্ত ভাড়া ২০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা নেওয়া হচ্ছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রশ্ন করা হলে অটো চালকেরা দায়সারা ও অযৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন। কেউ বাড়তি যাত্রীর অজুহাত দিচ্ছেন, আবার কেউ ঈদ পরবর্তী সময়ের কথা বলে ভাড়া বৃদ্ধির কথা বলছেন। তবে, তাদের এসব দায়সারা বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অনৈতিক।

আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, তারা অধিকাংশই পাবনায় প্রথমবার এসেছেন এবং স্থানীয় ভাড়া সম্পর্কে ধারণা না থাকায় বাধ্য হয়ে চালকদের দাবি মেনে নিচ্ছেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যাত্রী বেশি থাকলে চালকদের স্বাভাবিকভাবেই আয় বাড়ার কথা, সেখানে অসাধু উপায়ে অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ অন্যায়। এ বিষয়ে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, "পরবর্তী 'বি' ও 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় যাতে অতিরিক্ত ভাড়া আদায় না হয়, সে বিষয়ে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

Advertisement

Link copied!