মুরাদনগর ব্রাহ্মণ চাপিতলা বিল থেকে গলাকাটা লাশ উদ্ধার

এম কে আই জাবেদ , মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬, ০১:৫২ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ব্রাহ্মণ চাপিতলা বিল থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ব্রাহ্মণ চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠ থেকে একই গ্রামের আব্দুল হকের ছেলে এরশাদ মিয়া (৩৫)-এর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের পিতা জানান, তার ছেলে অটোরিকশা চালাতেন এবং কয়েক বছর ধরে নেশায় আসক্ত হয়ে উল্টাপাল্টা চলাফেরা করতেন। তিনি তার ছেলেকে নেশা থেকে ফেরাতে বাঙ্গরা বাজার থানায় পূর্বে অভিযোগও করেছিলেন। এরশাদের উচ্ছৃঙ্খল চলাফেরার কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। নিহতের পিতার ধারণা, তার মাদকাসক্ত সঙ্গীদের মধ্যে কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি মোমেন মিয়া বলেন, "গত এক বছর পূর্বে আমি তাকে ধরে পুলিশে দিয়েছিলাম কিন্তু সে ভালো হয়নি। তবে এমন নৃশংস হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচার চাই।"

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের বলেন, "আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

Advertisement

Link copied!