গৌরীপুরে পাগলীর সঙ্গে কিশোরের ছবি তোলাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুর

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল , সিনিয়র রিপোর্টার, ময়মনসিংহ

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬, ০২:০৬ পিএম

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখা গ্রামে এক গৃহবধূ ও তাঁর পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা, মারধর এবং মালামাল লুটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ রেখা বেগম (৩৮) বাদী হয়ে গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল তদন্ত করে।

অভিযোগে উল্লেখ করা হয়, ৪ নং বিবাদী মো. আইনুল হকের হুকুমে অন্যান্য বিবাদীরা লোহার রড ও লাঠি দিয়ে রেখা বেগম ও তার পরিবারের সদস্যদের পিটিয়ে জখম করে। এ সময় ২ নং বিবাদী সানি মিয়া রেখা বেগমের শ্লীলতাহানি ঘটায় বলেও অভিযোগে জানানো হয়।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, প্রায় আট মাস আগে জরিনা পাগলী (৩৫) এর সঙ্গে বাদীর ১১ বছর বয়সী ছেলের ছবি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়। এর জেরে নিরাপত্তাহীনতায় ভোগায় রেখা বেগম তার পরিবার নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন।

গত ১০ এপ্রিল সকালে তিনি স্বামীর বাড়িতে ফিরলে ওইদিন রাত আনুমানিক ৩টার দিকে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা রেখা বেগম, তার স্বামী মো: সাইদুল ইসলাম এবং শাশুড়িকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় ২নং বিবাদী মো: সানি মিয়া ওই গৃহবধূর শ্লীলতাহানি ঘটায়। এছাড়াও হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং ধান বিক্রির ১ লাখ ২১ হাজার টাকা ও একটি মোটরচালিত ভ্যানগাড়ি (যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা) ছিনিয়ে নেয়।

আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ভুক্তভোগী পরিবারটি গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গৌরীপুর থানার এএসআই নয়ন মিয়া জানান, সরেজমিন তদন্তে গেলে প্রাথমিক সত্যতা পাওয়ায় বিবাদীদের রাত ৮টার মধ্যে উভয় পক্ষকে মীমাংসার কথা বলেন। অন্যথায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বাদী পক্ষকে আশ্বস্ত করেন।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Link copied!