জামালপুরে ১৫ লাখ টাকার মাদকসহ নারী ব্যবসায়ী আটক

এস.এম হোসেন আছাদ , ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:০৩ পিএম

জামালপুরে মাদকবিরোধী অভিযানে লক্সি বেগম (৪১) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে প্রায় ১৫ লাখ টাকার মাদকসহ আটক করেছে পুলিশ। আটককৃত নারী ব্যবসায়ী লক্সি বেগম ইসলামপুর উপজেলার বেপারীপাড়া এলাকার মৃত বাবুল বেপারীর মেয়ে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার (১৫ এপ্রিল) সকালে তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন নিশ্চিত করেছেন।

জানা গেছে, জামালপুর সদর থানার এসআই খাইরুজ্জামানের নেতৃত্বে এসআই মো. কায়ছার আহাম্মেদ, এএসআই ফরহাদ উদ্দিন, কনস্টেবল আব্দুল করিম এবং নারী কনস্টেবল পারুল আক্তারসহ পুলিশের একটি দল মঙ্গলবার বিকেলে জামালপুর পৌরসভার সিংহজানী রোড মেষ্টা খানবাড়ী সংলগ্ন (পূর্ব কাচারীপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে নারী মাদক ব্যবসায়ী লক্সি বেগম (৪১) কে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ২ মাদক ব্যবসায়ী। এ সময় স্থানীয় এলাকাবাসী ও সাক্ষীদের সামনে তল্লাশি করে নারী মাদক ব্যবসায়ীর হেফাজত থেকে ১০৪ গ্রাম (২০টি পুটলা) হেরোইন, ১৫০০ পিস ইয়াবা (উদ্ধারকৃত মাদকের মূল্য ১৪,৯০,০০০/- (চৌদ্দ লক্ষ নব্বই হাজার) টাকা) উদ্ধার করা হয়। পরে এসআই খাইরুজ্জামান বাদী হয়ে নারী মাদক ব্যবসায়ীকে প্রধান আসামি করে পলাতক ২ আসামীর নাম উল্লেখ করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ৮(গ)/১০(ক)/৪১ ধারায় জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

এ প্রসঙ্গে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক চক্রের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। জনসাধারণকে মাদকের বিরুদ্ধে সচেতন হতে এবং তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। জামালপুর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জামালপুর পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, জামালপুর জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর এবং আপসহীন। কেউই আইনের ঊর্ধ্বে নয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

Advertisement

Link copied!