ময়মনসিংহে গৃহবধূ হত্যা: ১ ঘণ্টায় রহস্য উদঘাটনসহ ঘাতক দম্পতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ০৪:০৮ পিএম

ময়মনসিংহ নগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় পারিবারিক কলহের জেরে সুমি ওরফে সুমা (৩০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার মাত্র এক ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ ঘাতক দেবর ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১০টার দিকে কোতোয়ালী থানাধীন দাপুনিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। ভিকটিম সুমির স্বামী অলিউল্লাহ বাড়ির সীমানায় লাগানো গাছের ডাল কাটছিলেন। এ সময় অলিউল্লাহর বড় ভাই খলিলুর রহমানের স্ত্রী নাছিমা আক্তার (৪০) ডাল কাটতে বাধা দিলে দুই পরিবারের মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

একপর্যায়ে ঝগড়া হাতাহাতিতে রূপ নিলে নাছিমার স্বামী খলিলুর রহমান খলিল (৩৫) ঘর থেকে একটি ধারালো ছুরি এনে সুমির বাম কাঁধের নিচে আঘাত করেন। এতে সুমি গুরুতর রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপার মো. কামরুল হাসানের দিকনির্দেশনায় কোতোয়ালী মডেল থানার একটি চৌকস টিম অভিযানে নামে। পুলিশি তৎপরতায় ঘটনার মাত্র এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন: মো. খলিলুর রহমান খলিল (৩৫): পিতা- মৃত শমসের আলী, মোছাঃ নাছিমা আক্তার (৪০): স্বামী- মো. খলিলুর রহমান খলিল, (উভয় সাং- ফুলবাড়িয়া, দাপুনিয়া, কোতোয়ালী, ময়মনসিংহ)।

এ ঘটনায় নিহতের পিতা মো. গিয়াস উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।

কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় আনায় পুলিশের এই বিশেষ অভিযানটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Advertisement

Link copied!