রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর দুই কর্মচারী জাহিদুল ইসলাম সবুজ ও ফাতেমা বেগম মলির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, কর্মকর্তাদের হুমকি এবং অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাখিল করা হয়েছে।
অভিযুক্ত জাহিদুল ইসলাম সবুজ রাজউকের এস্টেট ও ভূমি-২ শাখার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ফাতেমা বেগম মলি জোন-৫ এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (অতিরিক্ত দায়িত্বে উচ্চমান সহকারী) হিসেবে কর্মরত।
অভিযোগ সূত্রে জানা যায়, সবুজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ-দুর্নীতি, দালালি, কর্মকর্তাদের হুমকি এবং ফাইল বাণিজ্যের অভিযোগ রয়েছে। ১৯৯৮ সালে চাকরিতে যোগদানের পর থেকেই তিনি অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়। রাজউকের এস্টেট ও ভূমি-২ শাখায় তার নিয়ন্ত্রণে ঘুষের লেনদেন চলে বলে দাবি করা হয়েছে। একই প্লট একাধিক ব্যক্তির কাছে বিক্রি, ফাইল গায়েব এবং ঘুষের বিনিময়ে বিভিন্ন কাজ সম্পাদনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগে আরও বলা হয়, সবুজ ঘুষের টাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি, জমি ও গাড়ির মালিক হয়েছেন। তার ব্যবহৃত গাড়ি ও জীবনযাত্রা তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ফাতেমা বেগম মলির বিরুদ্ধে ঠিকাদারদের জিম্মি করে ঘুষ আদায়, ফাইল আটকে রাখা এবং বিভিন্ন নথি ছাড়তে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ২০২০ সালে প্রধানমন্ত্রীর দপ্তরে লিখিত অভিযোগ দেন এক ভুক্তভোগী। অভিযোগে বলা হয়, রাজউকের বিভিন্ন প্রকল্প সংশ্লিষ্ট ফাইল ছাড়াতে মলির কাছে ঘুষ দিতে বাধ্য হন ঠিকাদাররা।
এছাড়া, রাজধানীর পূর্বাচলসহ বিভিন্ন এলাকায় একাধিক প্লট, ফ্ল্যাট এবং বিপুল সম্পদের মালিক হয়েছেন মলি—যা তার চাকরির আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে অভিযোগকারীরা দাবি করেন। তার বিরুদ্ধে দুদকে একাধিক অভিযোগ রয়েছে এবং কিছু বিষয়ে তদন্তও চলছে বলে জানা গেছে।
রাজউকের একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, সবুজ ও মলির প্রভাব ও আর্থিক সক্ষমতার কারণে কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পান না।
তবে অভিযোগ অস্বীকার করে জাহিদুল ইসলাম সবুজ বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনো অনিয়মের সঙ্গে জড়িত নই।”
অন্যদিকে, ফাতেমা বেগম মলির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত নম্বরে ফোন রিসিভ করে একজন ব্যক্তি ‘রং নম্বর’ বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।
আপনার মতামত লিখুন :