হাম সংক্রমণ বাড়ছে গাজীপুরে, টিকাদানে জোর দেওয়ার আহ্বান

শরীফ ওমর টুটুল , গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ০২:১৪ পিএম

গাজীপুরে হাম রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরে এখন পর্যন্ত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩৯০ জন হাম রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতাল পরিচালক আমিনুল ইসলাম জানান, শনিবার (২৫ এপ্রিল ২০২৬) পর্যন্ত জানুয়ারি থেকে অদ্যাবধি এসব রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে চিকিৎসা শেষে ৩৩৬ জন রোগী ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তবে সংক্রমণের গতি এখনও কমেনি। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ১৩ জন রোগী হাসপাতাল ত্যাগ করেছেন।

বর্তমানে হাসপাতালে ৫৪ জন হাম রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন, যা পরিস্থিতির ওপর বাড়তি চাপ তৈরি করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চিকিৎসকরা জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি রোগের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য অভিভাবকদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তারা।

 

Advertisement

Link copied!