সিএমপির অভিযানে ১৩ মামলার আসামি আব্দুস শুক্কুর গ্রেফতার

06 মো: সাইফুদ্দিন চৌধুরী জুয়েল , উপ-সম্পাদক

প্রকাশিত: ০৩ মে, ২০২৬, ১২:৪১ পিএম

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র মামলাসহ ১৩টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুস শুক্কুর (৩৭) কে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ আবু সাঈদ রানা সঙ্গীয় ফোর্সসহ নগরীর নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আব্দুস শুক্কুরকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আব্দুস শুক্কুরের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন বিআরটিসি ১৪ নম্বর জামতলা বস্তি এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী, হালিশহর, ইপিজেড, চকবাজার ও বন্দর থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, মাদক ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ মোট ১৩টি মামলা রয়েছে।

এর মধ্যে রয়েছে ১৮৭৮ সালের অস্ত্র আইনে দায়ের করা মামলা, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা, ছিনতাই ও মাদক মামলা।

 

সিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Link copied!