চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের পৃথক চারটি অভিযানে জিআর পরোয়ানাভুক্ত একজন পলাতক আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিনটি মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মীর মাহবুবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় গত ২৮ এপ্রিল দিনভর এই অভিযানগুলো পরিচালিত হয়।
এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে রাজধানীর তেজগাঁও থানার একটি মামলার (জিআর-২৭(১)২১) পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ নুরুল আলম সবুজকে উপজেলার খেড়িহর এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার লিটন ভূঁইয়ার ছেলে।
এসআই আরিফ হোসাইন ও এএসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে সুয়াপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ১৭ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন— কচুয়ার আশ্রাফপুরের ছাব্বির হোসেন (১৯), লুমতীর মোঃ মানিক (২৮) এবং শাহরাস্তির হোসেনপুরের মোঃ ইউসুফ (৩০)।
এসআই মোঃ খায়রুল আলমের নেতৃত্বে মেহের ডিগ্রি কলেজের পাশে অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— জামালপুরের মেলান্দহ উপজেলার শেখ ফরিদ (২৮) এবং শাহরাস্তির পূর্ব উপলতা গ্রামের মোঃ সরোয়ার (২৮)।
এসআই মোঃ আইয়ুব খানের নেতৃত্বে বাগান বাড়ির সামনে থেকে ১১ পিস ইয়াবাসহ মোঃ আবদুল হালিম (২২) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। সে টামটা উত্তর ইউনিয়নের পরানপুর গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা (জিআর নং-৯৮, ৯৯ ও ১০০) দায়ের করা হয়েছে। আজ ২৯ এপ্রিল যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আসামিদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :