কুমিল্লার হোমনা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ও মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে অপরাধ দমনে প্রশাসনকে কঠোর বার্তা দিয়েছেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম ভূঁইয়া বলেন, “অপরাধী আমার দলের হলেও তাকে সবার আগে গ্রেপ্তার করতে হবে।” তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অপরাধীকে কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয়ে না দেখে কঠোরভাবে দমন করার আহ্বান জানান। বিশেষ করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়ে তিনি বলেন, অপরাধী দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। পাশাপাশি কৃষকদের জন্য সরকারি সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি জাকির হাসান (জাকি)। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনসাধারণের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
আপনার মতামত লিখুন :