কুমিল্লায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬, ০৬:৪৬ পিএম

কুমিল্লায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা (ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) এর অংশ হিসেবে লিখিত পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

'সেবার ব্রতে চাকরি'—এই মহৎ স্লোগানকে ধারণ করে সোমবার (২৭ এপ্রিল ২০২৬ খ্রি.) কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (পিইটি)-এ উত্তীর্ণ প্রার্থীরাই শুধুমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষা গ্রহণ করা হয়, যা পুরো নিয়োগ প্রক্রিয়াকে আরও গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করে তোলে।

এই পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা পরবর্তীতে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। উক্ত সকল ধাপ শেষে সার্বিক মূল্যায়নের ভিত্তিতে যোগ্য ও মেধাবী প্রার্থীদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে, যারা বাংলাদেশ পুলিশ-এর গর্বিত সদস্য হিসেবে দেশের সেবা করার সুযোগ পাবেন।

লিখিত পরীক্ষার ফল প্রকাশ: ০৬ মে ২০২৬ খ্রি., সকাল ০৮:০০ ঘটিকায় পুলিশ লাইন্স, কুমিল্লায়।
মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা: ০৬ মে ২০২৬ খ্রি., সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স, কুমিল্লায়।

উক্ত লিখিত পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়। এছাড়াও বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, নিয়োগ বোর্ডের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ এবং পরীক্ষার দায়িত্বে নিয়োজিত জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।

নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ অত্যন্ত সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। এই নিয়োগ কার্যক্রমের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মের মধ্য থেকে যোগ্য, সৎ ও দেশপ্রেমিক পুলিশ সদস্য গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

Link copied!