মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে বড় ধরনের অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিশেষ উদ্ধার অভিযানের নাম দিয়েছেন ‘প্রজেক্ট ফ্রিডম’। সোমবার (৪ মে) সকাল থেকেই এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন। তিনি জানান, যেসব দেশ বর্তমান সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তাদের জাহাজগুলো দীর্ঘ সময় ধরে এই নৌপথে আটকা পড়ে আছে। জাহাজগুলোতে ইতিমধ্যে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে। এই মানবিক সংকট মোকাবিলায় এবং আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে ‘প্রজেক্ট ফ্রিডম’ একটি সময়োপযোগী পদক্ষেপ বলে তিনি দাবি করেন।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই অভিযানে পূর্ণ সহায়তার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, ৪ মে থেকে শুরু হওয়া এই কার্যক্রমে প্রায় ১৫ হাজার মার্কিন সেনা সরাসরি অংশগ্রহণ করছে। জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ডেস্ট্রয়ার এবং শতাধিক অত্যাধুনিক যুদ্ধবিমান। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনাই তাদের প্রধান লক্ষ্য।
ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে একটি মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেন, এটি যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি ইরানের পক্ষ থেকেও একটি ইতিবাচক আচরণ হিসেবে গণ্য হওয়া উচিত। তবে তিনি একই সাথে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার পথে কোনো পক্ষ বাধা সৃষ্টির চেষ্টা করলে মার্কিন বাহিনী তাদের কঠোরভাবে মোকাবিলা করবে।
বিবিসি ও আল-জাজিরার তথ্যানুসারে, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও পণ্য পরিবহনের রুট। এখানে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। ট্রাম্পের এই নতুন পরিকল্পনার ফলে আটকে পড়া নাবিক ও জাহাজ মালিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :