সেনাবাহিনীকে অনির্দিষ্টকাল মাঠে রাখতে চায় না সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ মে, ২০২৬, ০৩:০৬ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে সরকার সেনাবাহিনীকে অনির্দিষ্টকালের জন্য মাঠে রাখতে চায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারব না। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং পুলিশবাহিনীকে পুনরায় সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও জনমনে বিশ্বাস তৈরি হয়েছে।

সে অবস্থায় পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তবে কী প্রক্রিয়ায় সেনা প্রত্যাহার হবে, তা পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে বলেও জানান মন্ত্রী।

চলমান আইনশৃঙ্খলা অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিনিয়ত দাগি আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।

আইনের ঊর্ধ্বে কেউ নয় উল্লেখ করে তিনি বলেন, সঠিকভাবে তালিকা প্রণয়ন করেই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কোথাও কোথাও যৌথ অভিযান পরিচালিত হচ্ছে, আবার আইনপ্রয়োগকারী সংস্থাগুলো এককভাবেও অভিযান চালাচ্ছে।

এসব অভিযানের দৃশ্যমান অগ্রগতি রয়েছে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

 

Link copied!