এক ম্যাচে ৭ জনই বাঁ-হাতি ব্যাটার, ইতিহাসের পাতায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ মে, ২০২৬, ০২:৪৮ পিএম

দীর্ঘ সময় পর আবারও টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেই সফরকারীরা ইতিহাস গড়েছে। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার তারা এক ম্যাচে নেমেছে ৭ বাঁ-হাতি ব্যাটার নিয়ে। ৪৬৮তম টেস্টে প্রথমবার পাকিস্তান এত বাঁ-হাতি নিয়ে লাল বলের ম্যাচ খেলতে নামল।

এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে প্রথমবার ৬ বাঁ-হাতি ব্যাটার নিয়ে নেমেছিল পাকিস্তান। একই নজির গড়ে ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেও তারা ৬ বাঁ-হাতি ব্যাটার খেলায়। ইতিহাসে প্রথমবার তারা সর্বোচ্চ সাতজনকে নিয়ে নামল। পাকিস্তানের একাদশে থাকা সাত বাঁ-হাতি ব্যাটার হলেন– আজান আওয়াইস, ইমাম-উল-হক, শান মাসুদ, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলি।

টস জিতে প্রথম টেস্টে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন সফরকারী অধিনায়ক শান মাসুদ। এই ম্যাচে পাকিস্তান দুজনকে অভিষেক করিয়েছে। ঘরোয়া ক্রিকেটের ফর্ম দেখানোর পর বাবর আজমের ইনজুরি সুযোগ করে দিয়েছে আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলকে। তাদের দুজনই আবার বাঁ-হাতি ব্যাটার।

এখন পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান ১৫ বার টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তানের জয় ১২ এবং বাংলাদেশ জিতেছে দুটিতে। ড্রতে নিষ্পত্তি হয়েছে আরেকটি ম্যাচ।

Link copied!