আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রানার সাথে আছেন ওমানের জতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার। রানা, জতিন্দর, অজয়ের মধ্যে যেকোনো একজন জিতবেন আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার। আজ পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্টের মাঝপথেই এই খবর নিশ্চিত করে আইসিসি।
১৫০ ছুঁইছুঁই গতি, সাথে দুর্দান্ত লাইন-লেন্থে ব্যাটারদের বলে-কয়ে কাঁপিয়ে দেওয়া – এমন একজন পেসারকে বাংলাদেশের ক্রিকেট চাইছিল অনেক দিন ধরেই। অবশেষে সেই পেসারের দেখা মিলেছে, তার নাম নাহিদ রানা। গতির ঝড়ে ব্যাটারদের কাঁপিয়ে দিচ্ছেন টাইগার পেসার নাহিদ রানা। টানা দুই ওয়ানডে সিরিজে হয়েছেন সিরিজসেরা।
সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন রানা। এর মধ্যে এক ম্যাচে আছে ফাইফার। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন রানা। বাকি দুই ম্যাচ মিলে ৩ উইকেট, সব মিলিয়ে ৩ ম্যাচে নেন ৮ উইকেট। সিরিজসেরার পুরস্কারটাও জিতে নেন তিনি। নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ।
ওমানের টপ অর্ডার ব্যাটার জতিন্দর সিং এপ্রিল মাসে খেলা ৫ ওয়ানডে ম্যাচে ৫৩.২০ গড়ে রান করেছেন ২৬৬। স্ট্রাইকরেট ছিল ১১৫ এর বেশি। নেপালের সাথে সেঞ্চুরির সাথে স্কটল্যান্ডের সাথে ফিফটিও হাঁকিয়েছেন জতিন্দর।
সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার নিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে শিকার করেছেন ৯ উইকেট। ইকোনমি রেট মাত্র ৩.৬৬, বোলিং গড় ৭.৬৬।
আপনার মতামত লিখুন :