অস্ত্র উদ্ধারে দেশসেরা কুমিল্লা পুলিশ পেল ৩য় স্থান সম্মাননা

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ০১:০৯ পিএম

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ মূল্যায়নে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশের সকল ইউনিটের মধ্যে ক গ্রুপে ৩য় স্থান অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ। এ অসামান্য সাফল্যের জন্য কুমিল্লা জেলা পুলিশকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ এর তৃতীয় দিনের অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির কৃতিত্বপূর্ণ এ অর্জনের স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দেন।

কুমিল্লা জেলা পুলিশের পক্ষে সম্মাননা গ্রহণ করেন জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান।

২০২৫ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান, অপরাধ দমন, সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রমে ধারাবাহিক সফলতা এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকার ভিত্তিতেই এ মূল্যায়নে কুমিল্লা জেলা পুলিশ দেশের সেরা ইউনিটগুলোর মধ্যে স্থান করে নেয়।

জেলা পুলিশের এই অর্জনে পুলিশের ক্রাইম বিভাগসহ মাঠ পর্যায়ের প্রতিটি কর্মকর্তা ও সদস্যের আন্তরিক প্রচেষ্টা, পেশাদারিত্ব ও সাহসিকতাকে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিয়মিত বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারণেই কুমিল্লা জেলা পুলিশ এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ অর্জনে কুমিল্লা জেলাবাসীর মাঝেও আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। জেলা পুলিশের এমন সাফল্য ভবিষ্যতেও অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

 

Advertisement

Link copied!