মুরাদনগরে ২৬ লিটার মদসহ একজন গ্রেপ্তার, ১ মাসের কারাদণ্ড

এম কে আই জাবেদ , মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ১২ মে, ২০২৬, ০৯:১৬ পিএম

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযানে ২৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও আরেক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে। 

সোমবার  দিবাগত রাতে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মুরাদনগর থানা পুলিশ। চোলাই মদ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একজনের বিরুদ্ধে একটি মামলা করেছে। গ্রেপ্তার আসামী হলেন: মুরাদনগর উপজেলা সদর এলাকার মৃত রঙ্গলাল চন্দ্র দাসের ছেলে স্বপন চন্দ্র দাস (৪৫) এবং অপরজন রহিমপুর গ্রামের দুধ মিয়ার ছেলে আরিফ(২৯)। 

এদেরমধ্যে মাদক সেবনের অপরাধে আটক আরিফ কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বি।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলা সদর এলাকার মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ইউএনও এবিএম সারোয়ার রাব্বি ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে স্বপন চন্দ্র দাসের বাড়ি থেকে ড্রামে রক্ষিত ২৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ স্বপন চন্দ্র দাসকে আটক করে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। এসময় মাদকসেবী আরিফ কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। 

অভিযানে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মাসুদ, এসআই রুহুল আমিল, এসআই আব্বাস কবির চৌধূরী, এএসআই কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি। গ্রেপ্তার এবং সাজাপ্রাপ্ত দুজনকে  মঙ্গলবার দুপুরে  কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হবে। মাদক নির্মূলে আমরা সচেতন মহলের সহযোগিতা কামনা করছি।

ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তায় (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বি বলেন, মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। মাননীয় ধর্মমন্ত্রীর নির্দেশনা সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

 

Advertisement

Link copied!