চট্টগ্রামের সিডিএ মার্কেট ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন ব্যবসায়ী নেতা সৈয়দ মোহাম্মদ শাহনেওয়াজ (রাসেল)। প্রার্থীতা ঘোষণার পর তিনি মার্কেটের সকল ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া এবং সমর্থন কামনা করেছেন।
এক শুভেচ্ছা ও মতবিনিময় বার্তায় তিনি বলেন, “বিসমিল্লাহির রহমানির রাহিম। সিডিএ মার্কেটের সম্মানিত সকল ব্যবসায়ী ভাই ও বন্ধুদের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আমাদের প্রিয় সিডিএ মার্কেটের সম্মান, ঐতিহ্য ও আধুনিকায়নের লক্ষ্যে আমি সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সিডিএ মার্কেটের ব্যবসায়ীদের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। একজন সহযোদ্ধা ও আপনজন হিসেবে সবসময় ব্যবসায়ীদের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখতে চান।
শাহনেওয়াজ রাসেল বলেন, “মুরুব্বীদের দোয়া, সহকর্মীদের ভালোবাসা এবং ছোট ভাইদের আন্তরিক সমর্থন নিয়ে আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। আমি বিশ্বাস করি, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে পারলে সিডিএ মার্কেটকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও ব্যবসাবান্ধব মার্কেটে পরিণত করা সম্ভব হবে।”
তিনি বলেন, ব্যবসায়ীদের অধিকার রক্ষা, মার্কেটের পরিবেশ উন্নয়ন, নিরাপত্তা বৃদ্ধি, ব্যবসায়ীদের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং একটি আদর্শ ব্যবসায়ী সমাজ গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।
সভাপতি পদপ্রার্থী শাহনেওয়াজ রাসেল আরও বলেন, “আমি কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, বরং সিডিএ মার্কেটের সামগ্রিক উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণকে সামনে রেখে কাজ করতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও একটি মূল্যবান ভোটই আমাকে সেই পথচলায় শক্তি ও সাহস যোগাবে।” শেষে তিনি সিডিএ মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :