বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের হলুদিয়া থেকে ভাগ্যকুল পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়ক রিপেয়ারিং এবং তিনটি গাইড ওয়াল নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) এর আওতায় প্রায় ৩ কোটি ৮২ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, সড়ক সংস্কার কাজে নির্ধারিত মানের বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হচ্ছে। কংকরের জায়গায় ব্যবহার করা হচ্ছে পুরোনো ও ভাঙা ঢালাইয়ের (প্রিস) অংশ এবং নিম্নমানের ইটের কংকর। অনেক স্থানে পুরাতন ঢালাইয়ের অংশ উল্টিয়ে সরাসরি কংকর হিসেবে ব্যবহার করতে দেখা গেছে, যা নির্মাণমান নিয়ে প্রশ্ন তুলেছে।
এছাড়া গাইড ওয়াল নির্মাণ কাজেও মানসম্মত উপকরণ ব্যবহারের ঘাটতির অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, কাজের গুণগত মান বজায় না রেখে দ্রুত শেষ করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, “কাজে কোনো নিয়ম-নীতি মানা হচ্ছে না। নিম্নমানের উপকরণ দিয়ে দায়সারাভাবে কাজ করা হচ্ছে।” তারা আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকি না থাকায় এমন অনিয়ম চলছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। প্রকল্প সংশ্লিষ্ট কাজের সঙ্গে সম্পৃক্ত ঠিকাদারের পার্টনার মো. ইউনুছ বলেন, “পুরাতন কংকর ব্যবহার করা হলেও তা মজবুত। আর মাটির বিষয়টি পরিষ্কার করে দিলে ঠিক হয়ে যাবে।”
এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা এলজিডির উপ-সহকারী প্রকৌশলী মো. আমানুর রহমান বলেন, “কাজ নির্ধারিত নিয়ম অনুযায়ীই চলছে। কোথাও ত্রুটি থাকলে তা দ্রুত সংশোধন করা হবে।”
আপনার মতামত লিখুন :