শাহরাস্তিতে পুলিশের চৌকস অভিযানে ইয়াবাসহ আটক ২ সাজাপ্রাপ্ত

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০৩:১৮ পিএম

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১০২ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী, একটি নিয়মিত মামলার আসামী এবং এক বছরের অধিক সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শাহারাস্তি থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে থানার একাধিক চৌকস টিম মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মিঠুন দাস, এসআই (নিঃ) মোঃ খায়রুল আলম, এএসআই (নিঃ) মোঃ শহীদুল্লাহ ও এসআই (নিঃ) আইয়ুব খানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

প্রথম অভিযানে শাহরাস্তি থানাধীন টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা বাজার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মোঃ স্বপন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত স্বপন ইছাপুরা সর্দার বাড়ীর মৃত আকমত আলীর ছেলে।

অপরদিকে একই দিনে গুলপুরা-ওয়ারুক সড়কের পাটোয়ারী বাড়ীর সামনে আরেকটি অভিযান পরিচালনা করে মোঃ খোকন (৪৮) নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকেও ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। খোকন টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা নোয়া বাড়ীর মহিন উদ্দিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে কঠোর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এদিকে নিয়মিত মামলার আসামী গ্রেফতারেও সফলতা পেয়েছে শাহরাস্তি থানা পুলিশ। থানার একটি টিম অভিযান চালিয়ে এফআইআর নং-১০ এর এজাহারভুক্ত ২ নম্বর আসামী মোঃ দেলোয়ার হোসেন (৬৭) কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পেনাল কোডের একাধিক গুরুতর ধারায় মামলা রয়েছে।

এছাড়াও জিআর-২১/২০২২ মামলায় ১ বছর ১ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী মোঃ স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে তাকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শাহরাস্তি মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

Advertisement

Link copied!