ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

06 মো: সাইফুদ্দিন চৌধুরী জুয়েল , উপ-সম্পাদক

প্রকাশিত: ০৯ মে, ২০২৬, ০৫:১৩ পিএম

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে উদযাপিত হয়েছে ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী। ২৫শে বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মো. নাসির উদ্দিন মাহমুদ, এইসি এবং উপাধ্যক্ষ কাজী মুহাম্মদ সাঈদ। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সহকারী শিক্ষক শতাব্দী রায় মনীষার সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা বিভাগের সহকারী শিক্ষক সানজিদা আলম কবিগুরুর ‘জীবন স্মৃতি’ প্রবন্ধ পাঠ করেন।

 

পরে শিক্ষার্থীদের পরিবেশনায় দলীয় সংগীত ‘জগৎ জুড়ে উদাস সুরে আনন্দ গান বাজে’, একক আবৃত্তি ‘প্রশ্ন’, একক সংগীত ‘এসো নীপবনে ছায়াবীথিতলে’ এবং ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর’ পরিবেশিত হয়। সবশেষে বৃন্দ আবৃত্তি ‘ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে’ পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক পর্ব শেষ হয়।

 

আলোচনা পর্বে উপাধ্যক্ষ কাজী মুহাম্মদ সাঈদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। অধ্যক্ষ মেজর মো. নাসির উদ্দিন মাহমুদ তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথের সাহিত্যিক অবদান তুলে ধরে বলেন, “বিশ্বকবি হিসেবে পরিচিত হলেও রবীন্দ্রনাথের অন্যতম বড় কৃতিত্ব একজন সার্থক ছোটগল্পকার হিসেবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আমরা রবীন্দ্রনাথ পড়বো নিজসত্তাকে জানতে, সমৃদ্ধ করতে এবং অমলিন আনন্দলাভের জন্য। তবেই রবীন্দ্র জন্মজয়ন্তী পালনের প্রকৃত উদ্দেশ্য সফল হবে।

Link copied!