খাগড়াছড়িতে "অরণ্যকথা" গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন

অজয় সেন ত্রিপুরা , খাগড়াছড়ি জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৯ মে, ২০২৬, ০৫:১৬ পিএম

খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২১ এ ভূষিত বিশিষ্ট লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরার নতুন গল্পগ্রন্থ ‘অরণ্যকথা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (৯ মে) বিকাল ৩টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মথুরা বিকাশ ত্রিপুরা তাঁর লেখনীর মাধ্যমে আমাদের পাহাড়ের জীবনবোধ ও সংস্কৃতিকে তুলে ধরেছেন। ‘অরণ্যকথা’ বইটি আমাদের সাহিত্যের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং। সভায় বক্তারা লেখকের দীর্ঘায়ু কামনা করেন এবং পার্বত্য অঞ্চলের সাহিত্যচর্চাকে এগিয়ে নিতে এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা।

 

Advertisement

Link copied!