সিএমপির ডিবি অভিযানে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের গুলিসহ গ্রেফতার ২

06 মো: সাইফুদ্দিন চৌধুরী জুয়েল , উপ-সম্পাদক

প্রকাশিত: ০৯ মে, ২০২৬, ১২:৩৩ পিএম

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) নগরীর খুলশী ও চকবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

ডিবি (উত্তর) বিভাগের টিম-৩২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন ওয়াসা মোড় এলাকার টেস্টি ট্রিট ফাস্টফুড দোকানে অভিযান চালিয়ে মো. ফয়সাল আহমেদ রনি (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি (মেড ইন ইন্ডিয়া) উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার থানাধীন দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমিনুল হক বাপ্পী (৩৯) নামে আরও এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও ১১ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি।

 

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামির কাছ থেকে সর্বমোট ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের বিভিন্ন উৎস থেকে এসব গুলি সংগ্রহ করে মহানগর এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!